রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হানার পর জাপানজুড়ে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে রাজধানী টোকিওসহ উপকূলীয় ও উপকূলের কাছাকাছি অঞ্চলে বসবাসরত প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন।
সুনামির প্রথম ঢেউ হানা দিয়েছে উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে। জাপানি সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার হলেও এগুলোর শক্তি ছিল বিপজ্জনকভাবে বেশি। তারা সতর্ক করেছে, এসব ঢেউ সাধারণ ঢেউয়ের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক এবং আরও বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া সংস্থার আশঙ্কা, কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে, যা প্রাণঘাতী ক্ষতির আশঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, মাত্র ৫০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউও প্রায় ২০০ কেজি ওজনের ধাক্কা তৈরি করতে পারে, যা একটি প্রাপ্তবয়স্ক মানুষকে সহজেই আঘাত করতে সক্ষম।
এ ঘটনার পর জাপানের পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। সেন্দাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইভাবে হোক্কাইডো, ওমোরি এবং টোকিওর মধ্যে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।
এদিকে, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার পূর্বে এবং এর গভীরতা ছিল উল্লেখযোগ্য। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে বড় ধরনের আফটার শকের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন