মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার কোনো চেষ্টা হলে প্রয়োজনে দেশে আবারও গণ-অভ্যুত্থান হবে। তিনি সতর্ক করে বলেন, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (৩ জুন) দুপুরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর-এ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘একটি দল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ফায়দা লুটছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।’ তিনি আরও বলেন, যারা ’৭১-এর ইতিহাস মুছে ফেলতে চায় এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা স্বাধীনতার চেতনাবিরোধী শক্তি। এমন ব্যক্তিদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। দেশের স্বাধীনতার ইতিহাসে বিভিন্ন ব্যক্তি ও শক্তির অবদান রয়েছে এবং তা যথাযথভাবে মূল্যায়ন করা উচিত।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, জিয়াউর রহমান-এর স্বাধীনতা যুদ্ধকালীন অবদান অনস্বীকার্য এবং তিনি একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা ইতিহাস বিকৃত করতে চায়, তারা কখনোই সফল হতে পারবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপপ্রচার চালিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহবুব উদ্দিন খোকন, হারুনর রশীদ আজাদ, শফিকুল ইসলাম এবং আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্তব্য করুন