চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মনির হোসেন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
এদিকে, নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে এটি ধর্ষণের ঘটনা কি না। ফলাফল পেতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির হোসেনকে আটক করা হয়। তাকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। রাতভর সংঘর্ষের পর শুক্রবার সকালে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।
তবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।