ব্যাংকগুলোর দেওয়া মোট ঋণের ৩৬ শতাংশই খেলাপি হয়ে গেছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য বড় ধরনের অশনি সংকেত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এই সংকট কাটিয়ে উঠতে ১৮ মাসের একটি বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর কোড নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
মো. মোস্তাকুর রহমান বলেন, বিগত সরকারের সময়ে নানা অনিয়মের কারণে দেশের প্রায় ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন। ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই।
গভর্নর জানান, পরিকল্পনার প্রথম ছয় মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে ঋণগ্রহীতাদের এক্সিটের সুযোগ দেওয়া হবে। পরবর্তী এক বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থঋণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইন দুটি আগামী সংসদ অধিবেশনেই পাস হতে পারে।
মোস্তাকুর রহমান আরও জানান, বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে আগামী সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ চালু করা হবে।
এ সময় জুলাই যোদ্ধাদের সহায়তায় প্রতিটি উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।