৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৩:১৮
৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন



সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন (রিকোয়েস্ট ফর কোটেশন-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনা হবে।


সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হিসেবে ভিটল এশিয়া পিটিই লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার। মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।


আগামী ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে এলএনজির কার্গোটি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এটি ২০২৬ সালের জন্য সরকারের কেনা ৪২তম এলএনজি কার্গো।


একই সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।


এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য