ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী


ব্যবসায়ীদের হয়রানি বা ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করে রাজস্ব আদায় করতে চায় না সরকার। বরং করদাতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে একটি কার্যকর ও ব্যবসাবান্ধব করব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের কর বা রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হবে না। ব্যবসায়ীরা যাতে স্বাভাবিকভাবে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হবে।


তিনি বলেন, করদাতাদের সঙ্গে আলোচনা করেই একটি সুষ্ঠু, কার্যকর ও ব্যবসাবান্ধব করব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার। রাজস্বসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।


ভ্যাট রিটার্ন মাসিকের পরিবর্তে দুই মাস পরপর জমা দেওয়ার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। করদাতাদের অনিষ্পন্ন রাজস্ব মামলা এবং অন্যান্য জটিলতা দ্রুত নিষ্পত্তির বিষয়েও আলোচনা হচ্ছে।


জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা তিন মাসের ভ্যাট রিটার্ন নিয়ে তৈরি হওয়া জটিলতার বিষয়ে প্রশ্ন করা হলে আমির খসরু জানান, বিষয়গুলো নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।


ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। এমন কোনো কর বা রাজস্ব আদায়ের প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হবে না, যার কারণে ব্যবসা পরিচালনা ব্যাহত হয়।


অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির একটি বড় অংশ ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া রাজস্বের ওপর নির্ভরশীল। তাই একদিকে যেমন রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে, অন্যদিকে ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা ও হয়রানিমুক্ত পরিবেশও নিশ্চিত করা জরুরি।


এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি অর্থমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য