নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হলে প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবী মোবাইল ভাতার আওতায় আসবেন। সরকারি দাপ্তরিক কাজে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে মোবাইল ভাতা সম্প্রসারণের বিষয়টি জানা যায়।
বর্তমানে প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা করে মোবাইল ভাতা পান। নতুন ব্যবস্থায় ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাও এ সুবিধার আওতায় আসবেন।
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাবে ষষ্ঠ থেকে দশম গ্রেডের জন্য মাসে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের জন্য ৪০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১ হাজার ৫০০ টাকা, চতুর্থ ও পঞ্চম গ্রেডে ১ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম গ্রেডে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডে ৪০০ টাকা দেওয়ার কথা ছিল।
এই হারে ভাতা কার্যকর করা হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশন বাদ দিয়ে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ৬০৬ কোটি টাকা হতো।
তবে সচিব কমিটি সব গ্রেডকে ভাতার আওতায় রাখার বিষয়ে একমত হলেও ভাতার পরিমাণ কমানোর সুপারিশ করেছে। কমিটির প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম গ্রেডের চাকরিজীবীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
সচিব কমিটির এক কর্মকর্তা জানান, বর্তমানে সরকারি দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে সব স্তরের কর্মচারীকেই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। ফলে সব গ্রেডকে ভাতার আওতায় আনা যৌক্তিক। তবে সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার হার পুনর্নির্ধারণের প্রয়োজন হয়েছে।
জাতীয় বেতনস্কেল ধাপে ধাপে বাস্তবায়ন
জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক প্রভাব ও মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ এবং পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।
নতুন বেতনস্কেলের সুবিধার আওতায় আসবেন প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী। পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় থাকবেন।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা
নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীরা বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।