রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ সরকারের, টাঙ্গাইল কটন মিলও চালু হবে: প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৭:৪৯
রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ সরকারের, টাঙ্গাইল কটন মিলও চালু হবে: প্রতিমন্ত্রী

দেশের সব রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, দীর্ঘ ২৯ বছর ধরে বন্ধ থাকা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টাঙ্গাইল কটন মিলও দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হবে।


শনিবার (১ আগস্ট) সকালে মির্জাপুরে অবস্থিত টাঙ্গাইল কটন মিল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, মির্জাপুরে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এসব প্রতিষ্ঠানকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।


তিনি জানান, বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে। বিশেষ করে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেন।


মো. শরীফুল আলম বলেন, দীর্ঘদিন পর দায়িত্ব গ্রহণ করে সরকার বিদ্যুৎ খাতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। অতীতের দুর্নীতি ও ভুল নীতির প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে উল্লেখ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।


তিনি আরও জানান, বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে টাঙ্গাইলে একটি বেসিক সেন্টার ও ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট উদ্বোধন করা হবে। পাশাপাশি তাঁতশিল্পের উন্নয়নে প্রশিক্ষণ এবং ঋণ সহায়তার ব্যবস্থাও করা হবে।


অনুষ্ঠানে বিটিএমসির সচিব ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন জানান, স্বাধীনতার আগে প্রায় ২৫ একর জমির ওপর টাঙ্গাইল কটন মিল প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশে এটি জাতীয়করণ করা হয়। ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে পরিচালিত হওয়ার পর ১৯৯৮ সাল পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে চালু ছিল। এরপর থেকে কারখানাটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।


পরিদর্শনকালে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীবসহ মন্ত্রণালয়, প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন।  

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য