আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৩:০১
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম



বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।


বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগস্ট মাসেও বর্তমানে নির্ধারিত খুচরা মূল্য বহাল থাকবে। ফলে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায়।


এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এরপর জুন ও জুলাই মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ আগস্ট থেকেও একই মূল্য কার্যকর থাকবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্য বিদ্যমান মূল্যহারই বহাল রাখা হয়েছে।


সরকার গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। সেই অনুযায়ী প্রতি মাসে নতুন মূল্য ঘোষণা করা হয়। একইভাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করছে।


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে।


বর্তমানে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মূল্য প্রতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করে। আর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য