ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনে সোমবার (২৫ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
সকাল থেকে এখন পর্যন্ত ১০টি আন্তঃনগর ও ৬টি কমিউটার ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে স্টেশন ত্যাগ করছে।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে টিকিট কেটেও অনেকেই ট্রেনে উঠতে পারছেন না। আবার যারা উঠছেন, তাদের অনেকেই আসন পাচ্ছেন না। ফলে দাঁড়িয়ে ও ভিড়ের মধ্যেই যাত্রা করতে হচ্ছে অনেককে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ছাদে যাত্রা ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন জানিয়েছেন, অধিকাংশ ট্রেনই সময়মতো ছেড়ে গেছে। তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। এখন পর্যন্ত যাত্রীদের কোনো বড় অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
মন্তব্য করুন