মধ্যরাতে বঙ্গোপসাগরে হালকা ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আজ ২৭ নভেম্বর রাত ৩টা ২৯ মিনিটে কক্সবাজার উপকূলে প্রায় ১৫১ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষক সংস্থা ভলকানো ডিসকভারি ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র–ইএমএসসি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পটির উৎসস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। টেকনাফে কম্পন খুবই সামান্য ছিল বলে অধিকাংশ মানুষ ঝাঁকুনি টেরই পাননি। ফলে কোনো ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০০ জনের বেশি মানুষ আহত হন। ভয়াবহ ওই কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ রাতেই ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, এর আগে এত শক্তিশালী ভূমিকম্প তারা কখনো অনুভব করেননি।
ভূমিকম্পটির পরদিন আরও তিন দফা আফটারশক অনুভূত হয় ঢাকা ও আশপাশের এলাকায়। এতে নতুন করে আতঙ্ক ছড়ালেও বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ধারাবাহিকভাবে ভূকম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এখনো কাটেনি।
মন্তব্য করুন