রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক, ক্ষোভ ও উদ্বেগের মধ্যেই এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা Shakib Khan। তিনি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রামিসা হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শাকিব খান। তিনি লেখেন, “একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার।”
এই অভিনেতার মতে, রামিসার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি বলেন, “এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।”
বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শাকিব খান। তিনি লেখেন, “এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা।”
একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনই সময় এমন কার্যকর ব্যবস্থা নেওয়ার, যাতে আর কোনো শিশু এভাবে নির্মমতার শিকার না হয়।
পোস্টের শেষাংশে আবেগঘন ভাষায় শাকিব খান লেখেন, “যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়—‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’”
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মন্তব্য করুন