দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা হয়েছে।
৮ সদস্যের এ সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসন, নাব্যতা ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এ সেল গঠন করা হয়েছে।
সেলের সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া সদস্য হিসেবে যুক্ত থাকবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত সেলটি নদী, খাল ও জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করবে। পাশাপাশি খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত করা ও সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে এ সেলের ওপর। জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারমূলক কার্যক্রম গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
আরও বলা হয়েছে, প্রয়োজন হলে সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই আদেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়।
মন্তব্য করুন