বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবেন। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।
দলীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই বিএনপি মহাসচিব বিদেশে গিয়ে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করছিলেন। সিঙ্গাপুরে অবস্থানকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজনীয় মেডিকেল চেকআপ করা হবে।
উল্লেখ্য, এর আগেও চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশ সফর করেছিলেন। এবারের সফরে স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকদিনের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে। তবে সিঙ্গাপুরে তিনি কতদিন অবস্থান করবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
মন্তব্য করুন