প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছা রয়েছে বলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল বের হওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসির পাশের একটি গলিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। পরে তারা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পুলিশের দাবি, এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে আরাফাত ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
ওসি বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনার পরই সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তবে তাঁর এ মন্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।