কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত লাকসাম পৌরসভা মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহা. বদিউল আলম সুজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমীর জয়নাল আবদীন পাটোয়ারী।
কর্মসূচিতে তিন শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো হয়। এ ছাড়াও শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরবর্তী যত্নের বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেন তাঁরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত লাকসাম পৌরসভা মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহা. বদিউল আলম সুজন জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা করানোর উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি জানান, ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১৪টি বুথে লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক শিশুকে বিনামূল্যে এই সুন্নতে খৎনা করানো হয়।
এদিকে এমন মানবিক উদ্যোগের জন্য উপকারভোগী শিশুদের অভিভাবকরা আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাা ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।