জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭
জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান



দেশের মানুষ ভালো নেই, দেশের পরিস্থিতিও ভালো নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।


শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কষ্ট ও দুর্ভোগের বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করছে বিরোধী দল। কিন্তু সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।


এর আগে সকালে মানিকপোটল গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। সেখানে ফাতিহা পাঠের পাশাপাশি তাঁর শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।


কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির।


শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে স্থানীয় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তিনি গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় হাত নেড়ে উপস্থিত লোকজনের শুভেচ্ছার জবাব দেন তিনি।


এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সেখান থেকে ধুনটের উদ্দেশে রওনা দেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য