লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের পশ্চিম চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আমানুল্লাহ আমান হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ ফাউন্ডেশন-এর আয়োজনে এ মেডিকেল ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যা তারেক রহমান ঘোষিত জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আলোকে বাস্তবায়ন করা হচ্ছে।
ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যবিষয়ক প্রাথমিক পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রক্তের গ্রুপ জেনে রাখার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদেরও সচেতন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তাহেরা আক্তার, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, হাসপাতালের পরিচালক সৌরভ, মেডিকেল টেকনোলজিস্ট মো. ফজলে রাব্বি।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একজন মানুষের রক্তের গ্রুপ জানা দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি সেবা বা জরুরি রক্তদানের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যসচেতন হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচির বিকল্প নেই। আয়োজকরা আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলা।শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই খাতের সমন্বিত উন্নয়ন একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হলে অভিভাবকদের সচেতনতা যেমন বাড়বে, তেমনি জরুরি চিকিৎসার ক্ষেত্রেও তারা আরও প্রস্তুত থাকবেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, দাঁতের চিকিৎসা, পুষ্টিবিষয়ক পরামর্শ এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম চালু থাকলে এলাকার শিশুদের সার্বিক বিকাশ আরও ত্বরান্বিত হবে।
তারা মনে করেন, সরকারি নীতি, সামাজিক উদ্যোগ এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয়ে বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্যসেবা কর্মসূচি আরও বিস্তৃত করা গেলে জনস্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি এলাকার সামগ্রিক সামাজিক উন্নয়ন ও জনকল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।