ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার থানাধীন সোবহানবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. সিরাজুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন মিয়া (৪৮) নামে আরেক ব্যক্তিকে ৫০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সিরাজুল ইসলামের বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা এবং হারুন মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।