উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেম্বার প্রার্থী মো. জাহিদুল ইসলাম সবুজ

দে
মোরশেদ আহমেদ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮
উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেম্বার প্রার্থী মো. জাহিদুল ইসলাম সবুজ


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার ৬ নম্বর বড়াকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আগাম নির্বাচনী প্রচারণা জমে উঠতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন। এরই মধ্যে স্থানীয় ভোটারদের আলোচনায় উঠে এসেছে সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ জাহিদুল ইসলাম সবুজের নাম।


সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন তিনি। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন। বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করছেন।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম সবুজ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার সুখ-দুঃখে তাকে পাশে পাওয়া যায় বলেও অনেকেই মন্তব্য করেন। ফলে নির্বাচনকে সামনে রেখে তার প্রচারণা সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।


মোঃ জাহিদুল ইসলাম সবুজ বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, তাহলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাই এলাকার প্রতিটি মানুষ সরকারি সেবার সুফল সহজে পাবে এবং উন্নয়নের ধারায় সবাই সমানভাবে অংশীদার হবে।”


তিনি আরও বলেন, “আমাদের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। আমি নির্বাচিত হলে এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব।”


এদিকে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছেন। তারা এমন একজন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান, যিনি জনগণের কথা শুনবেন, এলাকার উন্নয়নে আন্তরিক থাকবেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।


নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় রাজনৈতিক অঙ্গনও ধীরে ধীরে সরব হয়ে উঠছে। স্থানীয়দের ধারণা, নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রচার-প্রচারণা ততই বাড়বে এবং ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও বৃদ্ধি পাবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য