গাজীপুরের শ্রীপুরকে মাদকমুক্ত করতে শ্রীপুর থানা পুলিশের এক সাহসী ও দূরদর্শী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশের সময়োপযোগী ও জিরো টলারেন্স নীতির কারণে উদ্ধার করা সম্ভব হয়েছে আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকার বিশাল এই মাদকের চালান। তবে পুলিশের অভিযান টের পেয়ে কৌশলে সটকে পড়ে অভিযুক্ত 'মাদক সম্রাট' মো. কবির হোসেন (৪৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলমের সুচতুর দিকনির্দেশনায় একটি চৌকস দল কবির হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান চালায়। ওসির নিখুঁত কৌশল ও দ্রুত সিদ্ধান্তের কারণেই অত্যন্ত দক্ষতার সাথে চারপাশ ঘেরাও করে বসতঘর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দ ও অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এলাকাবাসীর মতে, শ্রীপুর থানায় ওসি শাহিনুর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার আপসহীন নেতৃত্ব, বিচক্ষণতা এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপের কারণে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওসির এমন সাহসী ও তৎপর ভূমিকা শ্রীপুরকে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে অনন্য অবদান রাখছে।
সফল এই অভিযান সম্পর্কে শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অবিরাম চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। সেই সাথে পলাতক কবির হোসেনকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।"
শ্রীপুর থানা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে ওসি শাহিনুর আলম এবং তার পুরো টিমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।