নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ভাইস চেয়ারম্যান মালেকা বেগম। রোববার (২০সেপ্টেম্বর)বিকেলে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন।দায়িত্বভার গ্রহনকালে ওই ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি বাঁধভাঙ্গা আনন্দ উল্লাসে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এলাকাবাসীর পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা গেছে।
মালেকা বেগম প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিয়নের সাধারণ মানুষের সেবা ও স্বচ্ছতার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করার দূঢ়প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য যে,কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু'র বিরুদ্ধে খাসজমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হয়।
পরবর্তীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তার লিখিত জবাব সন্তোষজনক প্রমানিত না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধে একই আইনের ৩৪ (৬) ধারা মোতাবেক জনস্বার্থে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে স্বীয় পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করেন।গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান গ্রেনেট বাবুকে কে অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিশেষে তার চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। জানা গেছে,প্যানেল চেয়ারম্যান মালেকা বেগম কিশোরগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বার শফিকুল ইসলাম শফি'র সহধর্মিনী।