জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কওমি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আব্দুল খালেক।
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এ কারণে পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
এর আগে হাসনাত আব্দুল্লাহর একটি মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সমাবেশ থেকে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
পরদিন শনিবার সকালে এনসিপির কর্মসূচি প্রতিহতের পাশাপাশি একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।
এর মধ্যেই হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন। এরপর কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।