গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৩ শিশু।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৫৩ জনের।
এ সময়ে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।