গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি: আইনমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:২২
গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি: আইনমন্ত্রী



গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি।


রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আইনমন্ত্রী বলেন, গুমের কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি সরকার দিয়েছে। বিচারপ্রক্রিয়া ধীরগতিতে এগোলেও তা অনেক দূর অগ্রসর হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই প্রক্রিয়াটি অনুসরণ করা হচ্ছে।


তিনি বলেন, সরকার এমন কোনো বিচার করতে চায় না, যাতে কেউ বলতে পারে তড়িঘড়ি করে বিচার করা হয়েছে বা ন্যায়বিচার নিশ্চিত হয়নি। লোক দেখানো কিংবা প্রশ্নবিদ্ধ বিচার নয়, একটি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।


আইনমন্ত্রী জানান, গত ছয় মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।


তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোকে সরকার আইনি সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ছাড়া গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং নিখোঁজদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য