এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের জন্য শেড ও বসার ব্যবস্থা করতে বোর্ডের জরুরি নির্দেশ

বিভাগ: শিক্ষা রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 03 Jul 2026, 09:53 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের জন্য শেড ও বসার ব্যবস্থা করতে বোর্ডের জরুরি নির্দেশ


এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি কমাতে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ শেড ও বসার জন্য চেয়ার স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, পরীক্ষার্থীদের অনেক অভিভাবক সন্তানদের জন্য কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই তাদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে তীব্র রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড কিংবা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভিড়, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেড নির্মাণ এবং পর্যাপ্ত চেয়ার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের বাইরের শৃঙ্খলা বজায় রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অভিভাবকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগেরও নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel