শিক্ষার পথে দারিদ্র্যতা কোনো বাধা হতে পারে না: এমপি আবুল কালাম

দে
সৈয়দ মুজিবুর রহমান
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫
শিক্ষার পথে দারিদ্র্যতা কোনো বাধা হতে পারে না: এমপি আবুল কালাম

কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের শিল্পবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম বলেছেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার নানাহ সীমাবদ্ধতার মধ্যেও শহরের শিক্ষার্থীদের পেছনে ফেলে তোমরা ভালো ফলাফল অর্জন করেছো। এখানে শ্রেণীকক্ষে বিদ্যুৎ থাকে না, ভালো শিক্ষকের সংকট, দারিদ্র্যতা রয়েছে সরকারি বিভিন্ন সহায়তাও তোমাদের কাছে ঠিকভাবে পৌছে না। শহরের ছেলে-মেয়েরা যে সুযোগ সুবিধা পায় তোমরা তা পাও না। এসব কিছুর সঙ্গে লড়াই করেও তোমাদের এই সাফল্য প্রমাণ করে শিক্ষার পথে দারিদ্র্য কোনো বাধা হতে পারে না।


শনিবার (৫ সেপ্টেম্বর) লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ওইদিন সকাল ১১টায় লাকসাম পৌরসভা মিলনায়তনে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।


জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যারা ভালো ফলাফল অর্জন করেছো আমি চাই তোমরা এই ধারাবাহিকতা রক্ষা করে মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় ও দেশের খ্যাতনামা এবং সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করো। প্রয়োজনে দেশের বাইরে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবে।


তিনি বলেন, সবকিছুর আগে তোমাদের ভালো মানুষ হতে হবে। তোমাদের শিক্ষা অর্জন যেন দেশ-জাতির কল্যাণে কাজে লাগে। শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাস। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনকারী ব্যক্তি, যা হতে চায়, তা অর্জন করা সম্ভব।


লাকসাম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.আকতার হোসেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো.আবুল হাসেম মানু, লাকসাম উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মশু এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো মাসুদুল আলম বাচ্চু।


অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ মো. আবদুল মতিন, লাকসামের নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল।


এ ছাড়া, উপজেলার জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুল কুদ্দুস, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে রুনা লায়লা এবং কানিজ ফাতেমার প্রাণবন্ত সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়েশা আক্তার, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবিরিনা সুলতানা সামিয়া, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রুকাইয়া নওসীন, নবাব ফয়জুন্নেছার ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের আফতাহী আলম অপু, মনোহরগঞ্জের উত্তরহাওলা উচ্চ বিদ্যালয়ের হালিমা আফরোজ, আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তি দেবনাথ।


প্রধান অতিথি মো. আবুল কালাম এমপি জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারো আমি তোমাদের যে কোনো সহযোগিতায় পাশে থাকবো ইনশাল্লাহ। 


এ সময় জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক কৃতী শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা হারে ২৫৩ জন শিক্ষার্থীকে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা প্রদান করেন।


সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজক কমিটি কর্তৃক এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত লাকসামের ২০৬ জন এবং মনোহরগঞ্জের ৪৭ জন সর্বমোট ২৫৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবুল কালাম এমপি সম্মাননা স্মারক ক্রেস্ট, সমদপত্র, বই, ডায়েরী এবং কলমসহ নানাহ উপহার সামগ্রী তুলে দেন।


সংবর্ধনা অনুষ্ঠান শেষে অত্যন্ত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য