স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।
তিনি বলেন, স্কাউটদের উন্নয়নে পাঁচ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের পাশাপাশি বাস্তব ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে।
দেশ পরিচালনায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে স্কাউট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।