সক্ষমতা যাচাই করেই শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হবে দুই শিফট: শিক্ষামন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩
সক্ষমতা যাচাই করেই শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হবে দুই শিফট: শিক্ষামন্ত্রী


রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে দুই শিফট চালুর পরিকল্পনা নেই সরকারের। শিক্ষার্থীর চাপ, স্থানীয় চাহিদা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে আবেদন পাওয়া সাপেক্ষে প্রতিষ্ঠানভিত্তিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।


পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীর সংখ্যা ও স্থানীয় প্রয়োজন বিবেচনায় বিদ্যমান নীতিমালা অনুসরণ করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শিফট চালুর সুযোগ রয়েছে।


তবে সব প্রতিষ্ঠানে একসঙ্গে এ ব্যবস্থা চালু করা হবে না। কোনো প্রতিষ্ঠান থেকে দুই শিফট চালুর আবেদন এলে সেটির বাস্তব অবস্থা ও প্রয়োজনীয় সক্ষমতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।


শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালুর প্রস্তাব এলে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা, অতিরিক্ত আসনের প্রয়োজনীয়তা, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আসবাবপত্রের ব্যবস্থা, স্যানিটেশন ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা।


এ ছাড়া দুই শিফট পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক ও কর্মচারী রয়েছে কি না, নির্ধারিত পাঠঘণ্টার মধ্যে পাঠ্যসূচি শেষ করা সম্ভব হবে কি না, প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফল ও প্রশাসনিক সক্ষমতা—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।


দুই শিফট চালু করলে অতিরিক্ত আর্থিক ব্যয় কতটা হবে এবং এর ফলে শিক্ষার গুণগত মান বজায় রাখা সম্ভব হবে কি না, তাও যাচাই করা হবে বলে সংসদে জানান শিক্ষামন্ত্রী।


তিনি বলেন, কোনো আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র প্রচলিত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে।


অনুমোদন পাওয়ার পর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরবর্তী উপযুক্ত শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে।


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শিফট চালুর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী। তাঁর মতে, এটি প্রতিষ্ঠানভিত্তিক আবেদন, যাচাই ও অনুমোদনের বিষয় হওয়ায় সব প্রতিষ্ঠানের জন্য একই সময়ে বাস্তবায়নের সুযোগ নেই। কোনো প্রতিষ্ঠান থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাওয়ার পর প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য