লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী ৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহসভাপতি এবং কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, জনতা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন, মো. শহিদ উল্যা স্বপন এবং চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্যা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী ৪৪ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পূর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় এ সংবর্ধনার আয়োজন করা হলেও এবার পৃথকভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
গত ১৫ বছরের ধারাবাহিক ফলাফলের ভিত্তিতে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন ও ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।