ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান রয়েছে, সেসব এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শুধু গাছের চারা রোপণ করাই নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সেনাবাহিনী পালন করে আসছে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে চলতি বছর দেশজুড়ে মোট ১১ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ছিল— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’