ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন। দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সাদিক কায়েম বিদায়ের আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমার আবেগ ও ভালোবাসার সংগঠন। দীর্ঘ একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”
এর আগে গত ১ মে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সে সময় তিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর পর থেকেই ছাত্রশিবিরের দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। একই সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নাম ঘোষণা করায় ঢাকা দক্ষিণের নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ আরও আলোচনায় আসে।
এনসিপি ইতোমধ্যে জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা নিজস্ব প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত কোনো সিদ্ধান্ত হলে তা নির্বাচনের আগেই জানানো হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাদিক কায়েমের ছাত্রশিবির থেকে বিদায় নেওয়া তার সম্ভাব্য মেয়র প্রার্থিতার পথ আরও পরিষ্কার করেছে। যদিও এ বিষয়ে জামায়াতে ইসলামী বা সাদিক কায়েমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।