ছাগলচুরি আমার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪
ছাগলচুরি আমার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে নিজের জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর দাবি, ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধের অংশ ছিল না; বরং মজা করার জন্যই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


আসিফ নজরুল জানান, ছাগলটি ছিল তাঁর সাড়ে নয় বছর বয়সী ছোট মেয়ের পোষা প্রাণী। হেয়ার রোডের সরকারি বাসভবনে মেয়ের একাকিত্ব কাটাতে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। স্কুলে যাওয়ার আগে ছাগলটি তার পাশে বসে থাকত এবং স্কুল থেকে ফেরার পর মেয়েটি সেটির সঙ্গে খেলত।


তিনি বলেন, ছাগলটির সঙ্গে মেয়ের এতটাই ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল যে, মায়ের ছবির পরিবর্তে মোবাইল ফোনে ছাগলটিকে জড়িয়ে ধরা একটি ছবি রেখেছিল তাঁর মেয়ে।


ছাগলটি হারিয়ে যাওয়ার পর মেয়েটি মারাত্মকভাবে ভেঙে পড়ে বলে জানান আসিফ নজরুল। তাঁর ভাষ্য, কান্না করতে করতে তাঁর মেয়ে বমি করত এবং প্রায় দেড় দিন কোনো খাবার খেতে পারেনি। পরে মেয়েকে বলা হয়, দরজা খোলা থাকায় ছাগলটি বাইরে চলে গেছে। ছাগলটি আসলে কীভাবে মারা গেছে, সে বিষয়ে এখনো মেয়েকে জানানো হয়নি।


ছাগলটি রাজনৈতিক প্রতিশোধ হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এ ধরনের দাবি সঠিক নয়। তাঁর ভাষ্য, যারা ছাগলটি নিয়েছিল, তারা মজা করেই কাজটি করেছিল।


ছাগলটি জবাই করার ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রথমে একটি বঁটি দিয়ে সেটি কাটার চেষ্টা করা হয়েছিল। পরে ধারালো বঁটি আনিয়ে ছাগলটি কাটা হয় বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি এতটাই কষ্টদায়ক যে এতদিন তিনি এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি বলেও জানান।


ছাত্রনেতাদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন আসিফ নজরুল। তাঁর দাবি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ও আখতার হোসেনের সঙ্গে তাঁর শেষ দিন পর্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তাঁদের সঙ্গে কোনো গুরুতর মতবিরোধ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, নাহিদ ইসলাম ও অন্য নেতারা সরকার গঠনের পর তাঁদের প্রথম কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আসিফ মাহমুদ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন এবং আখতার হোসেনও তাঁর বাসায় এসেছিলেন। সারজিস আলমও তাঁকে ফোন করে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান তিনি।


২০২৪ সালের শেষ দিকে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগল নিখোঁজ হওয়ার ঘটনা তখন সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ সময় পর টেলিভিশন টকশোতে ওই ঘটনা নিয়ে বিস্তারিত কথা বললেন তিনি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য