আন্দোলনের আড়ালে কিছু মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের আড়ালে কিছু মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সরকার বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাসহ কয়েকটি জেলায় সীমিত পরিসরে এমন কিছু কার্যক্রম দেখা গেছে। যদিও বিষয়টি গণমাধ্যমে প্রচার পাওয়ায় গুরুত্ব পেয়েছে, তবে সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছে না।

তিনি বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু গোষ্ঠী বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে। তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে তুলে ধরেছেন এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

সালাহউদ্দিন আহমদ জানান, বৈরী আবহাওয়ার কারণে যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সময় একই বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি প্রশ্নে ত্রুটির বিষয়ে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তও শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে পরীক্ষার্থীদের উত্থাপিত মূল সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। এরপরও কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে, তাদেরও নির্ধারিত বিশেষ ব্যবস্থার আওতায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য