রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।
সীমানা পুনর্নির্ধারণ করা আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি যুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা।
ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে নবগঠিত বাঙ্গরা উপজেলা যুক্ত করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানাতেও পরিবর্তন আনা হয়েছে। একইভাবে পিরোজপুর-১ ও লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের সীমানাতেও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট অন্তর্ভুক্ত করার কারণে এসব আসনের সীমানায় পরিবর্তন এলেও অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনগুলোর ভৌগোলিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন হয়নি।