দেশের পুলিশ বাহিনীর সদস্যদের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যরা প্রথমবারের মতো নতুন পোশাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ইউনিফর্মে তাদের উপস্থিতি অনুষ্ঠানে আগতদের দৃষ্টি আকর্ষণ করে।
নতুন পোশাকের নকশা অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট পরবেন। অন্যদিকে, দেশের অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল রঙের শার্ট ও খাকি প্যান্ট।
জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সরকার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন ইউনিফর্ম চালুর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু হলো।
এদিকে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করতে নির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বুধবার সকাল ৯টায় পূর্বাচল নতুন শহরের সেক্টর-১, রোড-১০২ এলাকায় অবস্থিত রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ড প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ক্যাম্পটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন পুলিশ ক্যাম্প চালু হওয়ায় পূর্বাচল নতুন শহর এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও কার্যকর হবে।
মন্তব্য করুন