ঢাকা: দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এই সবুজায়ন কার্যক্রম পরিচালিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজ ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন