রাজধানীতে নামাজের ইমামতি করার সময় কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে দায়ের করা একটি মামলায় গোলাম আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ওই মামলার সূত্র ধরে গত সোমবার (১৫ জুন) পল্টন থানা পুলিশ রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের পর গোলাম আজম পুলিশের কাছে আসরের নামাজ আদায়ের অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জামাতে নামাজ শুরু করেন এবং নিজেই ইমামতি করেন। তবে নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা শেষে তিনি হঠাৎ পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান। এতে উপস্থিত মুসল্লি ও পুলিশ সদস্যরা বিস্মিত হন। ঘটনার পরপরই তাকে ধরতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরবর্তীতে গোয়েন্দা পুলিশের সহায়তা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। বুধবার সকালে পরিচালিত অভিযানে তার বাসা থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ও মামলার তথ্যও রয়েছে। এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং বহু বছর আগে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তোলা ছবি ব্যবহার করে তিনি নিজের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করতেন। মামলার অভিযোগ এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পল্টন থানা পুলিশ।
মন্তব্য করুন