বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রী, অফিসগামী কর্মজীবী মানুষ এবং বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে সড়কে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়, ফলে আশপাশের সড়কগুলোতেও চাপ বেড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা তাদের দাবিতে অনড় অবস্থানে ছিলেন।
আন্দোলনরত শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে গত মে মাসের বেতন পরিশোধ, ২০২৫ সালের ছুটির অর্থ প্রদান, ডিসেম্বর ২০২৫ সালের এরিয়া বিলের টাকা পরিশোধ এবং নোটিশ পে-বিল দ্রুত পরিশোধ করা। এছাড়া শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ, সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধ এবং পাওনা পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, মামলা, হুমকি বা শারীরিক-মানসিক নির্যাতন না করার নিশ্চয়তা দাবি করেছেন তারা।
শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে।