রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।