চট্টগ্রামের বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। পরে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ঘটনার তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনী বাসার ভাড়াটে আবির এবং তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত প্রধান আসামি আবিরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এদিকে একই দিনে বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণারও কথা রয়েছে। গত ২১ মে সংঘটিত ওই ঘটনায় একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়।
মামলাটির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন দ্রুত সম্পন্ন হয়। গত ১০ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার পর মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যেই বিচারিক কার্যক্রম শেষ হয়। ঘটনার ২৫ দিনের মাথায় মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।
মন্তব্য করুন