প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এবং সড়কপথের বিভিন্ন স্থানে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন।
সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে শ্রীমঙ্গল-এর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এছাড়া বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্ট-এ আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত সাড়ে ৮টায় ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে তারেক রহমান প্রথমবার সিলেট সফর করেছিলেন। তবে এবারের সফরে সিলেট জেলায় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি; পুরো কর্মসূচিই মৌলভীবাজারকে কেন্দ্র করে সাজানো হয়েছে।
মন্তব্য করুন