রাষ্ট্র পরিচালনার জন্য দেশে এত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বর্তমান শিক্ষা কাঠামো ত্রুটিপূর্ণ এবং এটি ভেঙে নতুন কাঠামো গড়ে তুলতে হবে।
সম্প্রতি এক আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “রাষ্ট্রকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে বর্তমান শিক্ষা কাঠামো ভাঙতে হবে। সাহস করে বলতে হবে, দেশের অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। কারণ এগুলোর প্রয়োজন নেই, এগুলোর উৎপাদনশীলতাও নেই।”
তিনি আরও বলেন, “পিয়ন হওয়ার জন্য লেখাপড়ার প্রয়োজন নেই। তাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে হবে।”
গ্রামীণ শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকলেও পাশের নূরানি বা ফোরকানিয়া মাদরাসায় শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখা যায়। এর জন্য তিনি রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের অনাস্থাকে দায়ী করেন।
তিনি বলেন, সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের সন্তানদের বেসরকারি বা ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানে পড়ান। একইভাবে দেশের চিকিৎসকরাও চিকিৎসার জন্য বিদেশে যান। এসব বিষয় রাষ্ট্রীয় কাঠামোর সংকটকে সামনে নিয়ে আসে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, একজন মানুষ ১৪ থেকে ১৫ বছর বয়সের মধ্যেই জীবনের অধিকাংশ প্রয়োজনীয় শিক্ষা অর্জন করে। তাই দীর্ঘমেয়াদি শিক্ষাব্যবস্থার পরিবর্তে সীমিত সময়ের মধ্যে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা শেখানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত।
তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিককে সমাজ, ইতিহাস ও পরিচয় সম্পর্কে ধারণা দেওয়া, কর্মমুখী দক্ষতা শেখানো এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করা। তার মতে, এই তিনটি বিষয় শেখাতে পাঁচ থেকে সাত বছরের বেশি লেখাপড়ার প্রয়োজন নেই।
মন্তব্য করুন