আগামী বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলমান বাজেটটি অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বাজেট হওয়ায় এসব কর্মসূচির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ছিল না।
শনিবার (১৬ মে) চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য স্বপ্ন দেখানো নয়, বরং বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা, যা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি জানান, সরকার এমন পরিকল্পনাই গ্রহণ করতে চায়, যা দীর্ঘমেয়াদে জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
খাল খনন কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে খালের দুই পাশের এলাকার মানুষ পানির সুবিধা পাবে এবং কৃষিকাজে পানির সংকট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকরা স্বাবলম্বী হলে দেশের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হবে। আর দেশের অর্থনীতি মজবুত হলে সাধারণ মানুষের আর্থিক অবস্থাও উন্নত হবে। তাই কৃষক ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন