দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর তিনি চাঁদপুর পৌঁছে খাল পুনঃখনন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভাসহ দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
চাঁদপুরে সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার ‘খোর্দ্দ খাল’ এবং সদর উপজেলার ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চাঁদপুরের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এই সফরের মাধ্যমে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা নিয়ে আসবেন সরকার প্রধান।
সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভাতেও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
মন্তব্য করুন