যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সামরিক উত্তেজনার পর উভয় পক্ষের অভিযান সাময়িকভাবে স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হতে পারে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৬ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৮২ ডলারে নেমে আসে। দিনের শুরুতে একপর্যায়ে এর দাম ৯০ ডলারের নিচেও নেমে গিয়েছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০২ ডলার বা ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। টানা তিন সপ্তাহ মূল্যবৃদ্ধির পর উভয় ধরনের তেলের দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বিঘ্ন এবং সংঘাত লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ায় সৌদি আরব থেকে বাব আল-মানদেব প্রণালি হয়ে এশিয়ায় তেল রপ্তানি ব্যাহত হয়। এর ফলে একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছায়।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ রোববার (২৬ জুলাই) জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকায় উত্তেজনা কমার প্রথম বাস্তব ইঙ্গিত মিলেছে। এর ইতিবাচক প্রভাবেই সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।