দেশের মানুষ ভালো নেই, দেশের পরিস্থিতিও ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও সারের সংকট তীব্র হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।
শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের দুর্ভোগ ও কষ্টের বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাঁদের সে সুযোগ দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে বলে জানান তিনি।
এর আগে সকালে মানিকপোটল গ্রামে শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। সেখানে ফাতিহা পাঠ ও দোয়া শেষে তিনি আবদুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
শফিকুর রহমানের সফর ঘিরে সকাল থেকেই স্থানীয় মাদ্রাসা মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তিনি সেখানে পৌঁছালে স্থানীয়রা তাঁকে স্বাগত জানান।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।