বিরোধী দল হিসেবে প্রাপ্য অধিকার থেকে তাদের বড় একটি অংশ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে জাতি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে যাত্রা শুরু হয়েছিল, তা থেকে দেশ বিচ্যুত হয়েছে বলে তিনি মনে করেন।
নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকলেও দেশের স্বার্থে বিরোধী দল নির্বাচনের ফল মেনে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল ও দেশের মানুষের সঙ্গে বৈষম্য করছে। বিরোধী দল হিসেবে এই বৈষম্য মেনে নেওয়া হবে না।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সংসদ ও সংসদের বাইরে বিরোধী দল বঞ্চনার শিকার হচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলের তুলনায় বিরোধী দলকে খুবই নগণ্য বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ সময় গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, ভোটের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মত থাকলেও ভোটের পর অবস্থান পরিবর্তন করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। রাষ্ট্র পরিচালনায় সব দলের জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।