দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজারকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে দ্রুত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে।
এদিকে চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, তাদের মাসিক রাজস্ব আদায় ১৮–২০ কোটি টাকা থেকে বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে সংস্থাটির দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটার হয়েছে, যা তাদের দাবি অনুযায়ী একটি নতুন রেকর্ড।
এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে; এখন শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।