রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩
রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ



খুলনায় অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযানসহ বিভিন্ন দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনাপত্র জারি করা হয়।


নির্দেশনায় বলা হয়েছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটছে।


এ পরিস্থিতিতে বিশেষ অভিযান ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম (৪৩)।


পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা নদীর ওপারে অভিযান শেষে রিকশায় করে শহরে ফিরছিলেন শাহ আলম। কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।


একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাঁর দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


খুলনা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধীদের তৎপরতা বেড়েছে। এসব অপরাধীর আস্তানা শনাক্ত করে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের মনোবল দুর্বল করতে পরিদর্শক শাহ আলমের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা।


তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর এ ধরনের হামলা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে। তাই বিশেষ অভিযান চলাকালে পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।


খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি জানান, আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।


পুলিশ সুপার আরও বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য